এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে - শিক্ষা উপদেষ্টা
সারাদেশে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনেই হঠাৎ করে মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার।
পরিদর্শনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আগাম কোনো ঘোষণা না দিলেও গুঞ্জন ছিল, তিনি হয়তো হঠাৎ কোনো কেন্দ্রে যেতে পারেন। শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্যি হয়। বেলা ১১টার দিকে শিক্ষা উপদেষ্টাকে কেন্দ্রটিতে প্রবেশ করতে দেখা যায়। তাঁর সঙ্গে ছিলেন অল্পসংখ্যক কর্মকর্তা। তবে তিনি সেখানে খুব বেশি সময় অবস্থান করেননি।
জানা গেছে, ২০০১-২০০৬ মেয়াদে তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন হেলিকপ্টারে কেন্দ্র পরিদর্শনে যেতেন, যা সেসময় বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এরপর আওয়ামী লীগ সরকারের সময়েও কেন্দ্র পরিদর্শনের এই ধারা অব্যাহত ছিল।
তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এবং পরবর্তীতে দীপু মনি নিয়মিত দলবল নিয়ে কেন্দ্র পরিদর্শনে যেতেন। সমালোচনার মুখে শিক্ষামন্ত্রী নওফেল এই ধারার পরিবর্তন আনেন এবং পরিদর্শনে যাওয়া থেকে বিরত থাকেন। তবে এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার আকস্মিক পরিদর্শন আবারও নতুন আলোচনা তৈরি করেছে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। দেশের ৯টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে প্রথম দিনের পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
সরকার নকলমুক্ত, সুষ্ঠু ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা আয়োজনে সবধরনের প্রস্তুতি নিয়েছে।