শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এপ্রিলে সড়কে ঝরেছে ৫৪৩টি প্রাণ

মোহাম্মদ খাইরুল আমিন • 07 মে 2022, 03:16 দুপুর • 424 বার পঠিত
এপ্রিলে সড়কে ঝরেছে ৫৪৩টি প্রাণ

এপ্রিলের শেষ দিক থেকে ঈদযাত্রায় অনেক প্রাণ ঝরেছে সড়কে। সড়ক দুর্ঘটনা অব্যাহত আছে। আজ শনিবারও সকাল থেকে অন্তত তিনটি দুর্ঘটনায় অন্তত ১০ জনের মারা যাওয়ার খবর এসেছে। আজই রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, গত এপ্রিলে দেশে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় ৫৪৩ জন নিহত এবং ৬১২ জন আহত হয়েছেন। 

যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ৬৭ জন নারী এবং ৮১টি শিশু। শুধু মোটরসাইকেল দুর্ঘটনাই ঘটেছে ১৮৯টি। তাতে নিহন হয়েছেন ২০৬ জন। এটি মোট নিহতের ৩৭ দশমিক ৯৩ শতাংশ। সব মিলে দুর্ঘটনার হার ৪৪ দশমিক ২৬ শতাংশ। 

রোড সেফটি ফাউন্ডেশন এপ্রিল মাসের সড়ক দুর্ঘটনা নিয়ে আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। তারা সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। 

রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, দুর্ঘটনায় ১১৬ জন পথচারী নিহত হয়েছেন। এটি মোট নিহতের ২১ দশমিক ৩৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৮৭ জন, অর্থাৎ ১৬ শতাংশ। এই সময়ে ছয়টি নৌ-দুর্ঘটনায় ৮ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন ৬ জন। ২১টি রেলপথ দুর্ঘটনায় ২৩ জন প্রাণ হারিয়েছেন ও ৫ জন আহত হয়েছেন।  

প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে সড়ক দুর্ঘটনায় রোজ গড়ে ১৮ জন নিহত হয়েছে। মার্চ মাসে প্রতিদিন গড়ে নিহত হওয়ার সংখ্যাটা ছিল ১৯। সেই হিসেবে মার্চের তুলনায় এপ্রিলে প্রাণহানি কমেছে ৪.৭৩ শতাংশ। এপ্রিলের দুর্ঘটনাগুলোতে ১৮ থেকে ৬৫ বছর বয়সী ৪৩১ জন কর্মক্ষম মানুষ মারা গেছেন। মোটের ৭৯.৩৭ শতাংশ তা।  

প্রতিবেদন থেকে জানা যায়, এই সময়ে ট্রাকসহ পণ্যবাহী দ্রুতগতির যানবাহন ও মোটরসাইকেল দুর্ঘটনা ব্যাপক হারে বেড়েছে। মানসিক ও শারীরিকভাবে অসুস্থ চালকরা বেপরোয়া গতিতে পণ্যবাহী যানবাহন চালিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন। এছাড়া  অপ্রাপ্তবয়স্ক ও যুবকরা বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনায় পড়েছেন। আহত বা নিহত হয়েছেন। 

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে আরো বলা হয়, গত এপ্রিলে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এই বিভাগে ১৩১টি দুর্ঘটনায় নিহত হয়েছে ১৫৬ জন। সিলেট বিভাগে সবচেয়ে কম ১৯টি দুর্ঘটনা ঘটেছে এবং বরিশাল বিভাগে সবচেয়ে কম ২৫ জনের প্রাণহানি ঘটেছে।