শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এনআরবিসি ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 22 আগস্ট 2025, 01:06 দুপুর • 187 বার পঠিত
এনআরবিসি ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে গতকাল এনআরবিসি ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে হাইব্রিড পদ্ধতিতে সভায় সশরীরে এবং অনলাইনের মাধ্যমে ব্যাংকের পরিচালক, উদ্যোক্তা ও শেয়ারধারীরা অংশ নেন।

সভায় গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ, চলতি বছরের জন্য নিরীক্ষক নিয়োগ এবং তাঁদের সম্মানী অনুমোদন করা হয়। অনলাইনের মাধ্যমে শেয়ারধারীদের প্রদত্ত ভোটের মাধ্যমে এসব অনুমোদিত হয়।

সভায় উপস্থিত ছিলেন অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, স্বতন্ত্র পরিচালকরা মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন, মো. শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব।

চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, “আমরা ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা ও সকল কমপ্লায়েন্স নিশ্চিত করার মাধ্যমে শেয়ারধারীদের প্রত্যাশা পূরণ এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে কাজ করে যাচ্ছি।”

ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান বলেন, “দক্ষ পরিচালনা পর্ষদের নেতৃত্বে ব্যাংকের স্বার্থ সংরক্ষণের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য।”

২০১৩ সালে যাত্রা শুরু করা এনআরবিসি ব্যাংক ২০২১ সালে পুঁজিবাজারে নিবন্ধিত হয়। বর্তমানে ব্যাংকটির ১০৯টি শাখা ও ৪১৫টি উপশাখা রয়েছে এবং প্রথাগত ব্যাংকিং ছাড়াও শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংকিং সেবা প্রদান করছে।