এনআইডি সার্ভার বন্ধ, ঝামেলায় ব্যবহারকারীরা
আজ বুধবার সকাল থেকে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে ঢুকতে গিয়ে সেবাপ্রত্যাশীরা ঝামেলায় পড়েছেন। কারণ এই সার্ভারে ঢোকা যাচ্ছে না। কমিশনের কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, রক্ষণাবেক্ষণের কাজ করতে মঙ্গলবার রাত থেকে এনআইডি সার্ভার বন্ধ রাখা হয়েছে।
সিস্টেম ম্যানেজার একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ''এখন পর্যন্ত সার্ভারের কাজ চলমান রয়েছে। সরকারি ছুটি থাকলে আমরা মেনটেইনেন্সের কাজ করি।''
আগের দিন মঙ্গলবার ছিল জাতীয় শোক দিবস। দিনটিতে ছিল সরকারী ছুটি।
কোথাও কোথাও সংবাদ বেড়িয়েছে,‘সাইবার হামলার ঝুঁকি এড়াতে’ এনআইডি তথ্যভাণ্ডার এবং জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখা হয়েছে।
কিন্তু এই খবরের সত্যতা কমিশনের কর্মকর্তারা অস্বীকার করেছেন। তারা বলছেন, শিগগিরই সার্ভার চালু হবে।
দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। ১৭১টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এ সার্ভার থেকে তথ্য নিয়ে কাজ করে। সার্ভার বন্ধ থাকায় সংশ্লিষ্টদের কাজও বিঘ্নিত হচ্ছে।