এমটি বাংলার জ্যোতিতে আগুন: দুজনের লাশ উদ্ধার
চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙ্গর করা ‘এমটি বাংলার জ্যোতি'তে অগ্নিকাণ্ডের পর দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে দুজনের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সেখান থেকে আমরা দুইজনের লাশ উদ্ধার করি।”
তবে জাহাজটির মালিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পক্ষ থেকে নিহতের কথা সরাসরি স্বীকার হয়নি।
বিএসসির নির্বাহী পরিচালক (প্রযুক্তি) প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ বলেছেন, তাদের তিনজন নিখোঁজ রয়েছেন।
আগুনের কারণ এবং নিখোঁজরা জাহাজটির কোন পর্যায়ের কর্মী তা তিনি জানাতে পারেননি।
সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙ্গর করা ক্রুড অয়েলবাহী জাহাজ ‘বাংলার জ্যোতি’তে আগুন লাগে।
নৌবাহিনী, কোস্ট গার্ড, বন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা জাহাজের আগুন নেভাতে কাজ করে।