এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর: বাড়ছে বিভিন্ন ভাতা
বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর দিয়েছেন। তিনি জানান, শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো হবে। এ বছরের ঈদুল আজহা থেকে এবং আগামী বাজেট থেকে এ সুবিধাগুলো কার্যকর করা হবে।
বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম যে, সাধ্যমত এ বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায়, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে।’
তিনি আরও বলেন, ‘কিন্তু, ১৫/২০ বছরের বঞ্চনা ১/২ বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। এটা বোঝানো খুব কঠিন। আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে- এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু এক বছরের বাজেট দিয়ে কীভাবে ১৫ বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার। সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি।'
শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার জন্য একটি তহবিল গঠন করা হয়েছে এবং এটি আগামী বাজেটে আরও বৃদ্ধি পাবে বলে জানান উপদেষ্টা ওয়াহিদউদ্দিন। তবে তহবিলকে টেকসই করতে কয়েক বছরের বাজেট প্রয়োজন। আগে এই ফান্ড একটি দুর্বল ব্যাংকে রাখা হয়েছিল, যার ফলে কিছু অর্থ সংকটে পড়েছে।
বেসরকারি শিক্ষকদের সংগঠিত আন্দোলন না থাকলেও তিনি মনে করেন, তাদের কল্যাণ ও অবসর ভাতা প্রদান সবচেয়ে জরুরি। সরকার এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে এবং পর্যায়ক্রমে দাবি পূরণ করা হবে।