শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

‘এমপি পার হবেন’ বলে সেতু বন্ধ, অটোরিকশায় বসে কাতরাল দগ্ধ শিশু

অনলাইন নিউজ পোর্টাল • 18 জানুয়ারী 2021, 11:00 দুপুর • 271 বার পঠিত
‘এমপি পার হবেন’ বলে সেতু বন্ধ, অটোরিকশায় বসে কাতরাল দগ্ধ শিশু

কৃষি অধিদফতর আয়োজিত সভায় অংশ নিতে নগর থেকে উপজেলায় যাচ্ছিলেন স্থানীয় এমপি। তাকে দ্রুত পারাপারে প্রায় এক ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয় সেতুতে যান চলাচল। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। আর সেই যানজটে আটকে পড়ে অটোরিকশায় বসে কাতরাচ্ছিল ছয় বছরের দগ্ধ শিশু। ওই সময় তার বাবার আকুতি- মিনতিতেও মেলেনি সেতু পারের অনুমতি।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কালুরঘাট সেতুতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, রোববার সকালে বাসায় হাড়িতে রাখা গরম পানিতে শরীর ঝলসে যায় উপজেলা সদরের মীর পাড়ার এনামুল হকের শিশুকন্যা তানজিলা হকের। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। 

চমেক হাসপাতালে যাবার পথেই মেয়েকে নিয়ে সেতু এলাকায় যানজটে আটকে পড়েন এনামুল। ওই সময় টোল কর্তৃপক্ষের কাছে শত আকুতি-মিনতি জানিয়েও সেতু পারাপারের অনুমতি পাননি তিনি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় রোববার সকালে কালুরঘাট সেতুতে পশ্চিম থেকে পূর্বে যান পারাপারের জন্য প্রায় একঘন্টা বন্ধ রাখা হয় পূর্ব থেকে পশ্চিমের যান চলাচল। এতে সেতুর পূর্বপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর বেশ কিছু সময় পর একপর্যায়ে পূর্ব থেকে পশ্চিমে যান পারাপারের সংকেত মিললেও মুহূর্তেই তা পুনরায় বন্ধ করে দেয় টোল কর্তৃপক্ষ। তখন বেলা প্রায় সাড়ে ১০টা। 

সেতু বন্ধের কারণ হিসেবে ‘এমপি পার হবেন’ বলে জানান টোল অফিসে দায়িত্বরত কর্মকর্তা। পরবর্তীতে বেলা ১১টা ৪৫ মিনিটে পুলিশ প্রটোকলে এমপি পার হয়ে গেলে চালু হয় পূর্ব থেকে পশ্চিমের যান চলাচল।