শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একদিনে টোল আদায় ১৮ লাখ টাকা

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 04 সেপ্টেম্বর 2023, 11:35 দুপুর • 265 বার পঠিত
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একদিনে টোল আদায় ১৮ লাখ টাকা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত অংশ সবার জন্য খুলে দেওয়া হয়েছে। রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ২২ হাজার ৮০৫টি যানবাহন চলাচলে টোল আদায় হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক এএইচএম সাখাওয়াত আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিচালক সাখাওয়াত আখতার বলেন, গত ২৪ ঘণ্টায় বিমানবন্দর থেকে বনানী মহাখালী, ফার্মগেটের পথে ১২ হাজার ২৪২টি গাড়ি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেটের পথে ২ হাজার ৪২৫টি গাড়ি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দরের পথে ২ হাজার ৮৯২টি গাড়ি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী কুড়িল ও বিমানবন্দরের পথে ৫ হাজার ২৪৬টি গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছে।

কয়েকদিন আগে সেতু বিভাগ এ সড়কের টোল নির্ধারণের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। বর্তমানে এ টোল প্রযোজ্য হবে শুধুমাত্র প্রথম ফেজের জন্য। এছাড়া টোল নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা।