এখন থেকে ভাসানচরে যেতে সরকারের অনুমতি লাগবে
নোয়াখালীর ভাসানচরে যেতে হলে এখন থেকে সরকারের অনুমতি লাগবে। বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ভাসানচর প্রতিদিনই বহুসংখ্যাক নৌযান যাচ্ছে। ব্যবসা-বাণিজ্য করছে। এসব বন্ধের সিদ্ধান্ত হয়েছে। কোনো নাগরিকই বিনা অনুমতিতে সেখানে যেতে পারবে না। যাতায়াতের যেসব বাহন আছে সেগুলো বন্ধ থাকবে। সাংবাদিক বা অন্য কেউ সেখানে যেতে চাইলে সরকারের অনুমোদন নিয়ে যাবেন।
মন্ত্রী বলেন, ১৮ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে মানসম্মতভাবে তাদের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। অথচ রোহিঙ্গা ক্যাম্পে সুবিধা ও ৫ হাজার টাকা দাবি করে গত কয়েকদিনে কিছু বিক্ষোভ হয়েছে। পৃথিবীর কোনো দেশেই শরণার্থীরা এই সুবিধা পায় না। কারো প্ররোচনায় তারা এটা করছে।