শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এখন থেকে হজযাত্রীদের সৌদির ইমিগ্রেশন হবে ঢাকায়, আজ চুক্তি সই

মোহাম্মদ খাইরুল আমিন • 13 নভেম্বর 2022, 09:03 সকাল • 852 বার পঠিত
এখন থেকে হজযাত্রীদের সৌদির ইমিগ্রেশন হবে ঢাকায়, আজ চুক্তি সই

সৌদি আরবে পবিত্র হজে যেতে বাংলাদেশি হজযাত্রীদের সৌদির ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করতে আজ রোববার একটি চুক্তি সই হবে। ‘রুট টু মক্কা সার্ভিস’ নামে এ চুক্তির ফলে বাংলাদেশি হজযাত্রীদের যাত্রা আরো সহজ ও ঝামেলামুক্ত হবে।

গত শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে জানা যায় সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সফরের জন্য তাকে ধন্যবাদ দেন।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক জোরদারে সমর্থনের জন্য সৌদি বাদশাহ, ক্রাউন প্রিন্স এবং সৌদি আরবের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ।

এ সময় ড. এ কে আব্দুল মোমেন উল্লেখ করেন, বাংলাদেশ সরকার বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা, শিক্ষা ও সংস্কৃতি, বিদ্যুৎ ও জ্বালানি, বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করার জন্য সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

মক্কা সার্ভিস চুক্তির ফলে হজযাত্রীরা সৌদি আরবে যাত্রার আগে ঢাকায় সেদেশের ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন। বাংলাদেশই প্রথম দেশ, যার সঙ্গে সৌদি আরবের মধ্যে চমৎকার সম্পর্কের কথা বিবেচনা করে রুট টু মক্কা সার্ভিস চুক্তি করতে যাচ্ছে।

সৌদি আরবের উপ স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদ দুই দিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন।