একদিনে অস্ট্রেলিয়ায় মৃত্যুর রেকর্ড
মোহাম্মদ খাইরুল আমিন
•
18 জানুয়ারী 2022, 05:13 বিকাল
•
308 বার পঠিত
ওমিক্রনের ভয়াল গ্রাসে বেহার অস্ট্রেলিয়ায়। হাসপাতালে ভর্তি হচ্ছে রেকর্ড সংখ্যক রোগী। আর এ পরিস্থিতিতে দেশটিতে মহামারিতে একদিনে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।
অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল তিন রাজ্য নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং কুইন্সল্যান্ডে মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ৭৪ জনের মৃত্যুর হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। এর আগে গত বৃহস্পতিবার দেশটিতে মহামারিতে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু রেকর্ড হয়েছিল। সেদিন ৫৭ জনের মৃত্যু রেকর্ড হয়।
মহামারি শুরু হওয়ার পর প্রথমদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারলেও এখন অস্ট্রেলিয়ায় পরিস্থিতি নাজুক হয়ে দাঁড়িয়েছে। ওমিক্রন ধরনে আক্রান্ত বহু মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। মহামারির যে কোনো পর্যায়ের চেয়ে এখন দেশটির হাসপাতাল ও নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোতে (আইসিইউ) কোভিড রোগীর সংখ্যা বেশি।