এক ভরি স্বর্ণের দাম এখন ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা!
দেশের ইতিহাসে ফের স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়ল। তেজাবি বা পাকা স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে ৪৮ দিনের ব্যবধানে আবার সোনার দাম বাড়ানো হয়েছে।
সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৭ টাকা বাড়ানো হয়েছে। তাতে করে এখন থেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াল ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে এই দাম কার্যকর করা হবে ।
আজ বুধবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক ছিল। সেখানে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ৯০৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা বাড়ানো হয়েছে। এখন তা ১ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ৯২ হাজার ৩৭৯ টাকা ধরা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে ৭৬ হাজার ৯৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।