এক থেকে দেড় মাসের মধ্যে শেখ হাসিনার বিচার শুরু: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন চলতি মাসেই আদালতে দাখিল করা হবে। তিনি আরও জানান, এক থেকে দেড় মাসের মধ্যে এসব মামলার বিচার কাজ শুরু হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। বিচার কাজে কোনো তাড়াহুড়ো করা হবে না, তবে অহেতুক বিলম্ব করে জনগণের আকাঙ্ক্ষা নষ্ট হতে দেওয়া হবে না। বিস্তৃত তদন্ত কাজ সমন্বয় করে নিখুঁত প্রতিবেদন প্রস্তুত করা এবং ট্রাইব্যুনালকে বিতর্কের বাইরে রেখে ন্যায় বিচার নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।
চিফ প্রসিকিউটর আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, যা আওয়ামী লীগ সরকার সই করেছিল। সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, তাঁকে ইন্টারপোলের মাধ্যমেও ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।