এক টেবিলে ইফতার, কথা বললেন না আইভী ও শামিম
শামিম ওসমান ও ডা. সেলিনা হায়াৎ আইভী একই দলে রাজনীতি করেন। কিন্তু তাদের মধ্যে সম্পর্ক কতোটা তিক্ত তা সবার জানা। নারায়ণগঞ্জের এই দুই আলোচিত রাজনীতিবিদ গতকাল সোমবার একই টেবিলে বসে ইফতার করেছেন। কিন্তু কেউ কারো সঙ্গে কথা বলেননি।
নারায়ণগঞ্জের জেলা পুলিশের আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত হয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আইভী ও নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান। নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে এই ইফতারের আয়োজন করা হয়। দুজনের বসার ব্যবস্থা হয়েছিল একই টেবিলে।
জানা যায়, নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলমের সভাপতিত্বে জেলা পুলিশের এই ইফতার আয়োজন। সেখানে আইভী, শামীম ওসমান ছাড়াও একই টেবিলে বসেছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মুন্সিগঞ্জের সাংসদ মৃণাল কান্তি, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম, তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী।
নারায়ণগঞ্জে রাজনীতি করেন দুজনই। কিন্তু আইভী ও শামিম ওসমানের কখনো বনে না। বিভিন্ন সময়ে স্থানীয় পর্যায়ে নানা অপ্রীতিকর ঘটনার জন্ম নিয়েছে তাদের মধ্যে। কখনো তা জাতীয় পর্যায়েও গড়িয়েছে। আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি। শামীম ওসমান জেলা
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
গত বছর অবশ্য একটু ভিন্ন ঘটনা ঘটেছিল। ওই বছরের ২৫ জুলাই আইভীর মা মমতাজ বেগম মারা যান। এর পর ২৭ জুলাই শহরের দেওভোগ চুনকা কুটিরের বাড়িতে গিয়ে আইভী রহমানকে সান্ত্বনা দিয়েছিলেন শামীম ওসমান।