এক সপ্তাহ পর একজনের মৃত্যু, শনাক্ত ৩৪
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এক সপ্তাহ পর এই ভাইরাসে দেশের কারো প্রাণ গেল। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। তারা জানায়, টাঙ্গাইল জেলায় যে নারী মারা গেছেন তার বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। গত ২৩ মে করোনায় শেষ কেউ মারা গিয়েছিলেন। এরপর এই প্রথম কারও মৃত্যুর খবর এল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এক দিনে ৫ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৩৪ জন নতুন রোগী শনাক্ত হয়। আগের দিন ৪০ জন রোগী পাওয়া গিয়েছিল।
এদিন নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৬৩ শতাংশ। আগের দিন এটি ছিল শূন্য দশমিক ৭৯ শতাংশ।
নতুন ৩৪ রোগীকে নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৪৮১। আর মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩১ জনে।
শেষ গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৬৯ জন। এ নিয়ে মোট ১৯ লাখ ২ হাজার ৫৯১ জন সেরে উঠলেন।
নতুন যে ৩৪ জন শনাক্ত হয়েছেন তার মধ্যে ২৪ জনই ঢাকা জেলার বাসিন্দা। সিলেটে ৪ জন, চট্টগ্রাম ও কক্সবাজারে ২ জন করে আর গাজীপুর ও খুলনায় ১ জন করে রোগী পাওয়া গেছে।