শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

এক পশলা বৃষ্টির দিকে তাকিয়ে পুরো ইথিওপিয়া

মোহাম্মদ খাইরুল আমিন • 31 জানুয়ারী 2022, 10:09 দুপুর • 482 বার পঠিত
এক পশলা বৃষ্টির দিকে তাকিয়ে পুরো ইথিওপিয়া

গৃহযুদ্ধের কারণে চরম মানবিক সংকট চলছে ইথিওপিয়ায়। এর মধ্যেই ত্রাণকর্মী এবং স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আরেকটি সঙ্কট ধীরে ধীরে সামনে আসছে। কারণ দক্ষিণ ও উত্তর-পূর্ব ইথিওপিয়ার বেশিরভাগ অংশে এখন চলছে প্রচণ্ড খরা। পরিস্থিতি এমন পর্যায়ের দিকে যাচ্ছে যে, মার্চের মাঝামাঝি নাগাদ ৬৮ লাখের বেশি মানুষের ত্রাণ সহায়তার জরুরি প্রয়োজন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। 
ইউনিসেফ জানিয়েছে, খরা, সংঘাত ও অর্থনৈতিক মন্দার সংমিশ্রণের কারণে চলতি বছর প্রায় আট লাখ ৫০ হাজার শিশু মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগবে। খরার কারণে ইথিওপিয়ার প্রায় ৪৪ লাখ মানুষ ভয়াবহ পানি সংকটের সম্মুখীন। দেশটির দক্ষিণ-পূর্ব সোমালি অঞ্চলের নিম্নভূমি এবং ওরোমিয়ার কিছু অংশ বচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে মনে করা হচ্ছে।

সোমালির জিজিগায় আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরোর আবদি ফারাহ আহমেদ বলেছেন, এই অঞ্চলের ফসলে পঙ্গপাল আক্রমণ করেছিল। এখন বৃষ্টিপাতের অভাব - ফসল নষ্ট হচ্ছে, গবাদি পশু মারা যাচ্ছে এবং অপুষ্টি বাড়ছে। অনেক লোক তাদের বাড়ি ছেড়ে চলে গেছে।

ডিসেম্বরে একটি সমীক্ষা অনুসারে, সোমালিতে পাঁচ বছরের কম বয়সীদের এক পঞ্চমাংশেরও বেশি তীব্র অপুষ্টিতে ভুগছে। চলতি বছর গুরুতর তীব্র অপুষ্টিতে (এসএএম) আক্রান্তদের সংখ্যা বাড়ছে।

সোমালি অঞ্চলের সাগলো গ্রামের সাত সন্তানের জননী জয়নাব উলি বলেন, তিনি বৃষ্টিপাতের অভাবের কারণে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন। তিনি তার আয় বাড়তে ছাগল বিক্রি করতেন। কিন্তু খরায় এগুলোর অর্ধেকই মারা গেছে।