এজাহারে নেই উদ্ধার হওয়া ৩০ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণ
কক্সবাজারের টেকনাফে একটি বাড়িতে যৌথবাহিনীর অভিযানে জব্দ হওয়া ৩০ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার মামলার এজাহারে উল্লেখ না করায় মামলার বাদীকে তলব করেছে আদালত।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ এ আদেশ দেন। আদেশে বলা হয়, বাদীকে ১৩ এপ্রিল সকাল ১১টায় আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা আশেক ইলাহী শাহজাহান নুরী জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগে আদেশের কপি টেকনাফ কোস্টগার্ড স্টেশনে পৌঁছে দেওয়া হয়েছে।
৩ এপ্রিল কোস্টগার্ডের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় কথিত ডাকাত হারুনের (মো. হারুন) বাড়িতে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় একটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি, পাঁচটি ধারালো অস্ত্র, ১৭ ভরি স্বর্ণালংকার, ৩০ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা, দুটি চেক বই, ১০টি সিমকার্ড ও মিয়ানমারের ১৯টি রোহিঙ্গা পরিচয়পত্র উদ্ধার করা হয়। অভিযানের সময় হারুন পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানের ছবি ও ভিডিওতে অস্ত্র, গুলি, টাকা ও স্বর্ণালংকার দেখা যায়। এসব ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে মামলার এজাহার ও জব্দ তালিকায় উদ্ধার হওয়া অর্থ ও স্বর্ণালংকারের কথা নেই।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনার পর কোস্টগার্ড সদস্য কায়সার আহমেদ বাদী হয়ে হারুনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা করেন। তবে এজাহার ও জব্দ তালিকায় অর্থ ও স্বর্ণের কথা উল্লেখ নেই। কেন নেই, তা তিনি জানেন না।
আদালত বলেছে, গণমাধ্যমে 'কক্সবাজারে জব্দ টাকা ও স্বর্ণালংকারের তথ্য এজাহারে নেই' শিরোনামে প্রকাশিত সংবাদের তথ্য পর্যালোচনায় দেখা যায়, মামলার আলামতের ছবি থাকা সত্ত্বেও টাকা ও স্বর্ণের উল্লেখ নেই। এতে আদালতের কাছে প্রতীয়মান হয়েছে, বাদী কায়সার আহমেদ অসৎ উদ্দেশ্যে উদ্ধারকৃত অর্থ ও স্বর্ণ নিজের আয়ত্তে রেখেছেন।
এ বিষয়ে জানতে চাইলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, অনিবার্য কারণে জব্দ অর্থ ও স্বর্ণালংকার শুল্ক বিভাগে জমা দিতে দেরি হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ৭ এপ্রিল বিকেলে সেগুলো টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।