এই মাসেই পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ
চলতি মাসের শেষ দিকে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই দলের নেতৃত্বে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের পরিকল্পনা করছেন উপদেষ্টা নাহিদ ইসলাম।
একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, ‘‘আমরা যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, মূলত ছাত্ররাই এটার নেতৃত্বে ছিল। ছাত্র এবং গণঅভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সেই দলে যদি অংশগ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকারে থেকে সেটা সম্ভব না। সেই দলে যদি আমি যেতে চাই তবে সরকার থেকে আমি পদত্যাগ করব।’’
নাহিদ ইসলাম জানিয়েছেন, রাজনৈতিক দলের কাজ এখন বেশি জরুরি, যদিও বর্তমান সরকার স্থিতিশীল রয়েছে তবে প্রত্যাশা অনুযায়ী কাজ হয়নি। তিনি ব্যক্তিগতভাবে চিন্তাভাবনা করছেন এবং যদি জনগণের সঙ্গে মাঠে কাজ করাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, তাহলে সরকার ছেড়ে নতুন রাজনৈতিক দলে যোগ দেবেন।
তিনি আরও বলেন, ‘‘ঘোষণা হয়েছে যে এ মাসেই দল গঠন হবে। যদি তাই হয় তবে এ মাসেই সরকার ছেড়ে দলে অংশ নিব। আর কয়েক দিনের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবেন।’’
তথ্য উপদেষ্টা আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত ছয় মাস ধরে মাঠপর্যায়ে সাংগঠনিক কাজ করছে। তিনি সরকারে থাকায় সরাসরি দলে যুক্ত ছিলেন না, তবে এখন সেই প্রক্রিয়ায় যুক্ত হওয়ার চিন্তাভাবনা করছেন।