শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এএসপি আনিসুল হত্যায় শেফ-ওয়ার্ডবয়ের স্বীকারোক্তি

অনলাইন নিউজ পোর্টাল • 15 নভেম্বর 2020, 06:50 বিকাল • 245 বার পঠিত
এএসপি আনিসুল হত্যায় শেফ-ওয়ার্ডবয়ের স্বীকারোক্তি

সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে দুজন আদালতে জবানবন্দি দিয়েছেন।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান তাদের জবানবন্দি রেকর্ড করেন।

এরপর বিচারক তাদের কারাগারে পাঠান। জবানবন্দি দেওয়া দুজন হলেন- শেফ মাসুদ ও ওয়ার্ডবয় অসীম চন্দ্র পাল।

একইদিনের আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ মামলার আসামি মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ফাতেমা তুজ-যোহরা ময়নাকে চারদিনের রিমান্ডে পাঠান।

এর আগে গত ১০ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম মামলার ১০ আসামিকে সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন- মাইন্ড এইডের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয়, কোঅর্ডিনেটর রেদোয়ান সাব্বির, কিচেন সেফ মাসুদ, ওয়ার্ডবয় জোবায়ের হোসেন, তানিফ মোল্লা, সজীব চৌধুরী, অসীম চন্দ্র পাল, লিটন আহাম্মদ, সাইফুল ইসলাম পলাশ ও ফার্মাসিস্ট তানভীর হাসান।

১০ নভেম্বর দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশীদ বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে ৮ থেকে ৯ জন লোক মিলে ওই পুলিশ কর্মকর্তাকে এলোপাতাড়ি মারধর করছেন। কেউ মাথায়, কেউ বুকে আঘাত করেছেন। কাউকে আবার এএসপি আনিসুল করিমের হাত বাঁধতেও দেখা গেছে। তারা সবাই হাসপাতালের ওয়ার্ডবয়, ক্লিনার, এখানে কেউ চিকিৎসক ছিলেন না। তাই আমাদের কাছে মনে হয়েছে এটি স্পষ্ট হত্যাকাণ্ড।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সিসিটিভি ফুটেজে উপস্থিত ১০ জনের সবাইকে গ্রেফতার করা হয়েছে।