ঈদযাত্রা নারকীয় রূপ নিতে পারে
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির আশঙ্কা, এবার ঢাকা থেকে মানুষের গ্রামের বাড়িতে ঈদযাত্রা নারকীয় রূপ নিতে পারে। করোনা কমে গেছে। তাই এবার ঈদে প্রায় দ্বিগুণ মানুষ গ্রামের বাড়িতে ঈদ করতে যাবেন। ফলে এবারের এবারের ঈদে সড়ক দুর্ঘটনার ঝুঁকি অত্যন্ত বেশি বলে আশঙ্কা তাদের।
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনের আয়াজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সেখানে এই আশঙ্কা তারা প্রকাশ করে। সংগঠনটি এই সময়ে অসহনীয় যানজট, যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মনে করে, এবারের ঈদে ঢাকা থেকে এক কোটির বেশি মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবে। এছাড়া এক জেলা থেকে অন্য জেলায় আরও প্রায় পাঁচ কোটি মানুষ যাতায়াত করতে পারে। এতে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ঈদবাজার, গ্রামের বাড়ি যাতায়াতসহ নানা কারণে দেশের বিভিন্ন শ্রেণির পরিববহনে বাড়তি প্রায় ৬০ কোটি ফ্লিপ যাত্রীর
যাতায়াত হতে পারে। এজন্য প্রয়োজন বাড়তি নিরাপত্তা, সর্বোচ্চ সতর্কতা, সব পথের প্রতিটি যানবাহনের সর্বোচ্চ ব্যবহার সুনিশ্চিত করা। কিন্তু যানজট ও নানা অব্যবস্থাপনার কারণে গণপরিবহনে সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা না গেলে এবারের ঈদযাত্রায় নারকীয় পরিস্থিতি হতে পারে।
করোনার ক্ষতি পুষিয়ে নিতে কিছু অসাধু পরিবহন মালিক-চালক মরিয়া হয়ে উঠেছে বলে জানান তিনি। তাই এই সময়ে অতিরিক্ত ভাড়া আদায়ের কৌশলও নিতে দেখা যাবে জানিয়ে তিনি হুশিয়ার করে দেন।