ঈদুল ফিতরে বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ভারত তিন দিন বন্ধ
ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিতে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরে টানা তিন দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে তিন দিনের কথা বলা হলেও মূলত বন্ধ থাকছে এক দিন। আর দুদিন সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটিতে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
বৃহস্পতিবার ঈদুল ফিতর ও শুক্র ও শনিবার (১৪ ও ১৫ মে) সাপ্তাহিক ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার ভিত্তিতে। আগামী রবিবার সকাল থেকে আগের মতো এ পথে আমদানি-রপ্তানি, কাস্টম হাউসের কার্যক্রম ও বন্দরে পণ্য খালাস কার্যক্রম শুরু হবে।
এদিকে পবিত্র শবেকদর উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ সোমবার বন্ধ রয়েছে বেনাপোল বন্দর দিয়ে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য। আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান, সোমবার পবিত্র শবেকদরের সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। মঙ্গলবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে আবারও বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। বুধবার পর্যন্ত আমদানি-রপ্তানি হওয়ার পর বৃহস্পতিবার থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে বন্ধ হয়ে যাবে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম।