শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঈদের পর ঢাকায় চামড়া পরিবহন ১০ দিন নিষিদ্ধ, বাণিজ্য মন্ত্রণালয়

মোহাম্মদ খাইরুল আমিন • 03 জুন 2025, 11:47 রাত • 183 বার পঠিত
ঈদের পর ঢাকায় চামড়া পরিবহন ১০ দিন নিষিদ্ধ, বাণিজ্য মন্ত্রণালয়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় চামড়ার অতিরিক্ত সরবরাহ রোধে বিশেষ নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ঈদের দিনসহ পরবর্তী ১০ দিন দেশের অন্যান্য জেলা থেকে ঢাকায় কাঁচা চামড়া পরিবহন নিষিদ্ধ থাকবে।

মঙ্গলবার (৩ জুন) মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়। এর আগে ২৫ মে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন প্রথম এই উদ্যোগের কথা জানান।

উপদেষ্টা বলেন, “কোরবানির সময় ঢাকায় অতিরিক্ত চামড়া প্রবেশ ঠেকাতে এই নিষেধাজ্ঞা। এতে গ্রাম ও উপজেলা পর্যায়ে চামড়া সংরক্ষণ এবং ন্যায্য দাম নিশ্চিত করা সহজ হবে।”

তিনি আরও জানান, স্থানীয় সংরক্ষণকারীদের জন্য বিনামূল্যে ৩০ হাজার টন লবণ বিতরণ করা হবে। পাশাপাশি ট্যানারি মালিকদের জন্য ২৫০ কোটি টাকার সরকারি প্রণোদনা ইতোমধ্যেই ছাড় করা হয়েছে।

চামড়ার বাজার স্থিতিশীল রাখতে সরকার কাঁচা চামড়া রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে। ফলে দেশীয় বাজারে মূল্য নির্ধারণে আরও স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়বে বলে আশা করছে সরকার।

বশিরউদ্দিন বলেন, “ঢাকায় চামড়া প্রবেশ বন্ধ থাকায় স্থানীয় পর্যায়ে যারা সংরক্ষণ করবেন তারা লবণের মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন। আর যারা কোরবানির চামড়া দান করতে চান, তারা এটি মাদ্রাসা বা এতিমখানায় দিতে পারবেন, যারা সংরক্ষণ করে পরবর্তীতে তা বিক্রি করবে।”

এই সিদ্ধান্তের ফলে রাজধানীতে চামড়ার কৃত্রিম সংকট ও অস্থিরতা রোধ, গ্রামাঞ্চলে সংরক্ষণের সুযোগ বৃদ্ধি এবং স্থানীয় উদ্যোক্তাদের লাভজনক বাজার তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।