ঈদের জন্য ৬ জোড়া বিশেষ ট্রেন
এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রা আরো সহজ করতে ৬ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। ২৯ এপ্রিল থেকে শুরু হবে। ঢাকা থেকে এসব বিশেষ ট্রেন দেশের বিভিন্ন রুটে চলাচল করবে। ঈদের আগে ১ মে আর ঈদের পর ৮ মে পর্যন্ত নিয়মিত চলাচল করা ট্রেনগুলোর পাশাপাশি চলবে এসব বিশেষ ট্রেন।
আজ বুধবার দুপুরে রেল ভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োহন করা হয়। সেখানে এসব তথ্য জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রেলমন্ত্রী জানান, ‘ঈদের আগে ১ মে পর্যন্ত এবং ঈদের পর ৪ থেকে ৮ মে পর্যন্ত চট্টগ্রাম-চাদপুর-চট্টগ্রামে চাঁদপুর স্পেশাল-১ ও চাঁদপুর স্পেশাল-২ চলবে। একই সময় ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ স্পেশাল চলবে। ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত খুলনা স্পেশাল (মৈত্রীর রেক দিয়ে) খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচল করবে। এছাড়া ঈদের দিন ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার শোলাকিয়া স্পেশাল-১ ও শোলাকিয়া স্পেশাল-২ চলবে।’
আগে থেকে দেওয়া ঘোষণা অনুযায়ী ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল। ২৭ এপ্রিল পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি হবে। এদিন থেকেই ট্রেনের ঈদসফর শুরু হবে। ১ মে পর্যন্ত যা চলবে।