শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

ঈদের বাজারে পোশাকের দাম বৃদ্ধি, ক্রেতাদের সংকট

মোহাম্মদ খাইরুল আমিন • 22 মার্চ 2025, 04:27 দুপুর • 202 বার পঠিত
ঈদের বাজারে পোশাকের দাম বৃদ্ধি, ক্রেতাদের সংকট

ঈদ সামনে রেখে ঢাকার মিরপুরের মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেলেও বিক্রির পরিমাণ আশানুরূপ নয়। অনেক ক্রেতা পছন্দের পোশাকের দাম শুনে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। বেসরকারি চাকরিজীবী নিলয় আহমেদ স্ত্রীর জন্য থ্রি-পিস কিনতে এসে তিন হাজার টাকার নিচে কিছু না পেয়ে অন্য দোকানে চলে যান। সম্প্রতি বিয়ে করেছেন এ চাকরিজীবী।

নিলয় আহমেদ বলেন, “বিয়ের পর তো রেসপনসিবিলিটি বাড়ে, পোশাকের দামও বাড়ছে মনে হচ্ছে। সব মিলিয়ে বাজেটে হচ্ছে না। দুই হাজারের মধ্যে কাপড় খুঁজছিলাম, পাচ্ছি না। দেখি অন্য কোথাও পাই কিনা।”

মিরপুরের বিভিন্ন মার্কেটে শুক্রবার তুলনামূলক বেশি ভিড় দেখা গেলেও বিক্রেতারা জানান, ক্রেতারা শুধু দেখছেন, কিনছেন কম। দর-কষাকষির পরও দাম বেশি হওয়ায় অনেকে খালি হাতে ফিরে যাচ্ছেন।

হোপ প্লাজার রিদি ফ্যাশনে মেয়ের জন্য ওয়ান-পিস নিতে এসে কিনতে পারেননি হালিমা আক্তার। তিনি বলেন, বাজারের সব কিছুর দাম বেড়ে গেছে, আয় বাড়েনি, তাই কেনাকাটায় কুলিয়ে উঠতে পারছেন না।

বিক্রেতারা জানান, আগের বছরের তুলনায় পোশাকের দাম দ্বিগুণ হওয়ায় ক্রেতারা কম পরিমাণে কিনছেন। শিশুর পার্টি ফ্রগের দাম যেখানে ৪০০-৫০০ টাকা ছিল, সেখানে এখন ৮০০ টাকা গিয়েছে। অনেক ক্রেতা আগে তিনটি পোশাক কিনতেন, এখন একটিতে সীমাবদ্ধ হচ্ছেন।

শাড়ি ব্যবসায়ী মিঠু ব্যাপারী জানান, গতবার যেখানে দিনে ১-১.৫ লাখ টাকার বিক্রি হতো, এবার তা নেমে এসেছে ৫০-৬০ হাজারে। সাধারণ ক্রেতারা আতঙ্কিত, অনেকে কেনাকাটা করতে আসছেন না।

মিরপুরের বিভিন্ন দোকানে ছেলেদের পোশাকেও দাম বেড়েছে ৫০-১০০ টাকা। পাঞ্জাবি, শার্ট, প্যান্ট বিক্রি কমে গেছে। দোকানিরা ছাড় দিয়েও আশানুরূপ বিক্রি পাচ্ছেন না। কেউ আগে একটি পাঞ্জাবির সঙ্গে অন্য পোশাক নিতেন, এবার শুধু পাঞ্জাবিই কিনছেন।

ছেলে-মেয়েদের পোশাকের দোকানগুলোতে ছাড়ের ঘোষণা থাকলেও বিক্রি খুব বেশি বাড়েনি। বিক্রেতারা আশাবাদী, শেষ দশদিনে বিক্রি কিছুটা বাড়তে পারে।

সাধারণত ঈদের আগে মার্কেটে প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু এবার বিক্রির পরিমাণ তুলনামূলক কম। অনেক ক্রেতা শুধুমাত্র বাচ্চাদের জন্য কেনাকাটা করছেন, নিজেরা কিছু কিনতে পারছেন না। ব্যবসায়ীরা বলছেন, অর্থনৈতিক চাপে থাকা মধ্যবিত্তরা সবচেয়ে বেশি সংকটে আছেন।

সব মিলিয়ে, এবার ঈদের বাজারে পোশাকের দাম বৃদ্ধির ফলে সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন, যা ব্যবসায়ীদের বিক্রিতেও প্রভাব ফেলছে।