ঈদের ৬ দিনের ছুটির পর খুলেছে অফিস
পবিত্র ঈদুল ফিতরে ছুটি শেষে আজ বৃহষ্পতিবার ফের সরকারি অফিস খুলেছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া ছুটি শেষ হয়েছে গতকাল বুধবার। সাপ্তাহিক দুদিন মিলে এবারের ঈদুল ফিতরে টানা ছয় দিনের ছুটি ভোগ করতে পেরেছেন সরকারি চাকরিজীবীরা।
গত ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি ঘোষণা করা হয়েছিল।
আজ আবার খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ অন্যান্য প্রতিষ্ঠান। ঈদের পর অফিসে ফিরে সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় চলছে। চলছে ঈদের কোলাকুলি।
অবশ্য অফিস খুললেও এখনো খুব বেশি লোকজন আসেননি। ছুটি কাটাচ্ছেন অসংখ্য মানুষ। পরের দুদিন সাপ্তাহিক ছুটি। তাই প্রচুর কর্মী আজ বৃহস্পতিবারের ছুটিও নিয়ে নিয়েছেন। তাতে টানা ৯ দিন ঈদের ছুটি কাটিয়ে রোববার থেকে অফিস শুরু করবেন তারা।
করোনা মহামারীর কারণে গত দুই বছর বিধিনিষেধ থাকায় ঈদগাহে জামাত হয়নি। তবে এবার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতসহ সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপিত হয়েছে।
এবার প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষের রাজধানী ছাড়ার চিরাচরিত সেই চিত্র চোখে পড়েছে। লাখ লাখ মানুষ গ্রামে ফেরায় ঢাকা ফাঁকা হয়ে গেছে।