ঈদে যাত্রীর চাপ কমাতে ২৭ এপ্রিল থেকে গার্মেন্টসে ছুটি
এগিয়ে আসছে ঈদ। আর ঈদের সময় সড়ক ও নৌপথে বাড়ি ফেরা মানুষের ঢল নামে। ঢাকা থেকে নামা সেই ঢল সামাল দেওয়া কঠিন হয় প্রতি বছর। তো এই বছর যাত্রীর চাপের কথা মাথায় রেখে ২৭ এপ্রিল থেকে গার্মেন্টস শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে।
আজ রোববার এই কথা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর চাঁদ দেখা সাপেক্ষ আগামী ২ বা ৩ মে অনুষ্ঠিত হবে।
আজ সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ কর্মপন্থা গ্রহণে আন্তমন্ত্রণালয় বৈঠক হয়।
ওই বৈঠক শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ জানান, ২৭ এপ্রিল থেকে তারা পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করবে। বিষয়টি বিজিএমইএ ও বিকেএমইএ’র মাধ্যমে আমাদের জানানো হয়েছে। যাতে অতিরিক্ত চাপ রাস্তা ও নৌপথে তৈরি না হয়; সেটি নিশ্চিত করা হবে।