এডিশনাল এসপি লাবনীর ঝুলন্ত ও কনস্টেবলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
মাগুরায় দুটি পৃথক ঘটনায় পুলিশের দুজন সদস্য মারা গেছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) লাবনী আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে মাহমুদুল হাসান (২৩) নামের এক কনস্টেবলের মাথায় গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রাম থেকে লাবনীর মরদেহ উদ্ধার হয়। ওটা তার নানাবাড়ি।
এর আগে বুধবার রাত ১১টার দিকে মাহমুদুল হাসানের মরদেহ পাওয়া যায় মাগুরা পুলিশ লাইন্স ব্যারাকের ছাদে।
পুলিশ মনে করছে, মাহমুদুল নিজের সরকারি অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। তার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুরে। দেড় মাস আগে তিনি মাগুরায় বদলি হয়ে আসেন।
জানা যায়, বদলির আগে মাহমুদুল নিহত পুলিশ কর্মকর্তা খন্দকার লাবণীর দেহরক্ষী হিসেবে খুলনায় কর্মরত ছিলেন। এই দুই পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল হাসান জানান, বুধবার রাতে ডিউটি শেষ করে মাহমুদুল হাসান পুলিশ লাইনের ব্যারাকে ফিরে যান। এর পর রাতের কোনো এক সময় তিনি ব্যারাকের ছাদে ওঠেন। সেখানে নিজের নামে থাকা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন।
অবশ্য এই দুটি ঘটনায় লাবনী ও মাহমুদুলরা আসলে আত্মহত্যা করেছেন নাকি তাদের হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান কামরুল হাসান।
দুজনেরই মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।