এবারও জেএসসি পরীক্ষা হবে না : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী দীপু মনি জনিয়ে দিলেন, এই বছরও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে না। আজ রোববার তিনি এই কথা জানান। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হবে বলে আগামীতেও এই পরীক্ষা নেওয়ার সুযোগ নেই বলে তিনি জানান।
আজ সকালে সচিবালয়ে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে শিক্ষামন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি জানান, নতুন শিক্ষাক্রম অষ্টম শ্রেণিতে ২০২৪ সালে বাস্তবায়ন শুরু হবে। নতুন শিক্ষাক্রমে জেএসসি পরীক্ষা নেই। শিক্ষামন্ত্রী বলেন, এই কারণে আগামী বছরও (২০২৩ সালে) জেএসসি পরীক্ষা নেওয়ার কোনো কারণ নেই।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘‘অষ্টম শ্রেণি আগামী বছর আমাদের নতুন কারিকুলামে যাচ্ছে না, যাচ্ছে তার পরের বছর। ২০২৪ সালে এ পরীক্ষাটা থাকবে না। কাজেই ২৩ এ নেবারও কোনো কারণ নাই।’’ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘‘তাহলে জেএসসি আমরা এখন থেকে নিচ্ছি না। প্রতিষ্ঠান পর্যায়ে মূল্যায়ন হবে এবং প্রতিষ্ঠান মূল্যায়ন করলেও আমরা স্বীকৃতি দিয়েছি।’’
করোনাভাইরাস মহামারীর কারণে গেল দুই বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ২০২০ সালে পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের পরের ক্লাসে উন্নিত করা হয়েছিল। ২০২১ সালে সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে বার্ষিক পরীক্ষা হয়েছিল। চলতি বছরও অষ্টম শ্রেনিস্তরের শিক্ষার্থীরা জেএসসি-জেডিসি পরীক্ষার পরিবর্তে স্কুলের বার্ষিক পরীক্ষা দেবে। এভাবেই হবে মূল্যায়ন।