শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এবারের ঈদযাত্রায় ১৫ দিনে সড়কে প্রাণ গেছে ৪১৬ জনের

মোহাম্মদ খাইরুল আমিন • 12 মে 2022, 04:52 দুপুর • 232 বার পঠিত
এবারের ঈদযাত্রায় ১৫ দিনে সড়কে প্রাণ গেছে ৪১৬ জনের

এবারের ঈদের আগে পরে মিলিয়ে ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১৬ জন। আহত হয়েছেন আরো ৮৪৪ জন। আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তারা জানায়, এবার সড়ক দুর্ঘটনা বেড়েছে।

আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন’ প্রকাশ উপলক্ষে একটি সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সেখানে তারা এসব তথ্য জানায়।

সংগঠনটি জানায়, ঈদযাত্রা শুরুর দিন ২৬ এপ্রিল থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ১০ মে পর্যন্ত ১৫ দিনে ৩৭২টি সড়ক দুর্ঘটনায হয়েছে। এই দুর্ঘটনায় ৪১৬ জন নিহত ও ৮৪৪ জন আহত হয়েছেন। তারা জানায়, ২০২১ সালের ঈদুল ফিতরে যাতায়াতের সঙ্গে তুলনা করলে এবার ঈদে সড়ক দুর্ঘটনা ১৪.৫১ শতাংশ, নিহত ২২.৩৫ শতাংশ ও আহত ২৬.৩০ শতাংশ বেড়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। সেখানে তিনি জানান, এবার সড়ক, রেল ও নৌপথে সম্মিলিতভাবে ৪০২টি দুর্ঘটনায় ৪৪৩ জন নিহত ও ৮৩৮ জন আহত হয়েছেন।

তাদের তথ্য অনুযায়ী এবারও বরাবরের মতো দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল। এই ঈদে ১৬৪টি মোটররসাইকেল দুর্ঘটনায় ১৪৫ জন নিহত ও ১১০ জন আহত হয়েছেন। এটি মোট সড়ক দুর্ঘটনার ৪৪.০৮ শতাংশ, নিহতের ৩৪.৮৫ শতাংশ ও আহতের ১৩.০৩ শতাংশ।