শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

এবার যুক্তরাষ্ট্রে ৩ সহকর্মীকে গুলি করে হত্যা

মোহাম্মদ খাইরুল আমিন • 10 জুন 2022, 11:02 দুপুর • 230 বার পঠিত
এবার যুক্তরাষ্ট্রে ৩ সহকর্মীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে গোলাগুলি চলছেই। এবার মেরিল্যান্ডের একটি কারখানায় তিন সহকর্মীকে গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি। পুলিশ এই খবর জানিয়েছে। 

তিন সহকর্মীকে গুলি করে মারা ব্যক্তি পরে পুলিশের গুলিতে মারাত্মক আহত হয়। তবে একজন পুলিশ সদস্যও আহত হন বন্দুকধারীর গুলিতে। 

মেরিল্যান্ডের উত্তরে স্মিথসবার্গের কলম্বিয়া মেশিন কারখানা। সেখানে বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে। 

যুক্তরাষ্ট্রে গত কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় গোলাগুলি চলছে। তাতে মারা যাচ্ছে সাধারণ মানুষ। গত মাসে টেক্সাসে একটি স্কুলে গুলি চালিয়ে এক ১৮ বছরের যুবা ১৯ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষককে হত্যা করে। 

এর পর নিউ ইয়র্কের বাফেলোতে একটি সুপারমার্কেটে গুলি চালায় এক বন্দুকধারী। তাতে মারা যায় ১০ জন। এসব কাণ্ডের পর মার্কিন সরকার আগ্নেয়াস্ত্র বেচাকেনায় কঠোর আইন করার পদক্ষেপ নিতে যাচ্ছে।   

এবার মেরিল্যান্ডে গুলি চালানো ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে তার পরিচয় প্রকাশ করেনি। এই ব্যক্তির বয়স ২৩ বছর। 

ওয়াশিংটন কাউন্টির শেরিফ ডগলাস মুলেনডোর এক সংবাদ সম্মেলনে জানান, সহকর্মীদের গুলি করে গাড়িতে করে পালিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি। তখন পুলিশ তাকে ধাওয়া করে। মেরিল্যান্ড রাজ্য পুলিশের এক সদস্যের সঙ্গে ওই বন্দুকধারীর গুলি বিনিময় হয়। তাতে দুজনই আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হয়।