শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এবার হচ্ছে ঐকমত্য কমিশন

মোহাম্মদ খাইরুল আমিন • 16 ডিসেম্বর 2024, 11:22 দুপুর • 264 বার পঠিত
এবার হচ্ছে ঐকমত্য কমিশন

রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে সংস্কার আনতে অন্তর্বর্তী সরকার প্রথম পর্যায়ে যে কমিশন গঠন করেছে, সেসবের প্রধানদের নিয়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজয় দিবসে সোমবার সকাল ১০টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে। এরা শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আমি আশা করি। আমরা এই ছয় কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি।

“এর কাজ হবে রাজনৈতিক দলসহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে, সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা।”

সরকারপ্রধান বলেন, “এই নতুন কমিশনের প্রথম কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সিদ্ধান্ত জরুরি, সে সমস্ত বিষয়ে তাড়াতাড়ি ঐকমত্য সৃষ্টি করা এবং সকলের সঙ্গে আলোচনা করে কোন সময়ে নির্বাচন অনুষ্ঠান করা যায়- সেই ব্যাপারে পরামর্শ চূড়ান্ত করা।”

রাজনৈতিক পটপরিবর্তনের পর ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। দুই দিন বাদে ৬ অক্টোবর গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন।

কমিশন গঠনের দিন থেকে ৯০ দিনের মধ্যে তাদেরকে সরকারপ্রধানের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এরপর ১৮ নভেম্বর গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যদের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এসব কমিশনকেও ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।