শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এবার এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ঈদ জামাত হবে দিনাজপুরে

মোহাম্মদ খাইরুল আমিন • 14 এপ্রিল 2022, 09:26 সকাল • 412 বার পঠিত
এবার এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ঈদ জামাত হবে দিনাজপুরে

এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে দিনাজপুর শহরের গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে। গত বুধবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি স্থানীয় এমপি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এ তথ্য জানিয়েছেন।

এমপি সভায় হুইপ বলেন, শোলাকিয়া একটি ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ। তবে আয়তনের দিক থেকে দিনাজপুরের ঈদগাহ চার গুণ বড়। এ মাঠের আয়তন প্রায় ২২ একর। উপমহাদেশে এত বড় ঈদগাহ আর নেই। এখানে ঈদের নামাজ আদায় করতে দিনাজপুরসহ পাশের জেলা ও উপজেলা থেকে মুসল্লিরা আসেন। করোনার কারণে গত দুই বছর এখানে ঈদের জামাত হয়নি। ঈদের জামাত আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। এবার ছয় লাখের বেশি মানুষ এ মাঠে ঈদের নামাজ আদায় করবেন বলে আশা ব্যক্ত করেন হুইপ।

এদিকে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে। ঈদগাহ মাঠজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকবে। সিসিটিভি স্থাপনের পাশাপাশি থাকবে গোয়েন্দা নজরদারি। মাঠের আশপাশে র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন।

তিনি জানান, সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামের দায়িত্ব পালন করবেন মাওলানা শামসুল ইসলাম কাসেমী।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন, জেলা সিভিল সার্জন এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী, জেলা পরিষদের প্রধান নির্বাহী জয়নুল আবেদীন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার, নিমতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।