এ যেন এক নতুন রাজধানীর রূপ
আয়-ব্যয়ে সমন্বয় না থাকায় ঢাকা ছাড়ছেন হাজারো মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও বিত্তহীনেরা।
চোখ ধাঁধানো ফ্লাইওভার-মেট্রোরেল মানুষের মনে স্বস্তি নেই
মধ্যবিত্তদের বড় অংশ ক্রমান্বয়ে নিম্নবিত্ত কাতারে যাচ্ছে
আরামবাগ, মালিবাগ মোড়, শান্তিনগর, আজিমপুর মোড়, সিদ্ধেশ্বরী মোড়, রামপুরা, কমলাপুরসহ বিভিন্ন পাড়া-মহল্লার মোড়ে মোড়ে ঝুলছে অসংখ্য টু-লেট। একটি দেয়ালে ২শ’ থেকে ৩শ’ পর্যন্ত টু-লেট সাঁটানো হয়েছে। ঢাকার এতগুলো বাড়ি, ফ্ল্যাট ফাঁকা! রহস্য কি? খোঁজ নিয়ে জানা গেল, সত্যিই বাসা-বাড়ি ফ্ল্যাটগুলো ফাঁকা। নতুন ভাড়াটের প্রত্যাশায় টু-লেট ঝোলানো হয়েছে। করোনার কারণে চাকরি হারিয়ে এবং ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় গত বছর যারা গ্রামে ফিরে গেছেন; তাদের অর্ধেক ঢাকায় ফিরে আসেননি। আবার যারা এসেছেন তারা আয়ের সঙ্গে ব্যয়ের সমন্বয় করতে না পেরে কেউ ফিরে গেছেন; কেউ আগের চেয়ে নিম্নমানের বাসায় কম টাকার ভাড়ায় উঠেছেন। এছাড়াও লেখাপড়া শেষ করে যে লাখ লাখ চাকরি প্রত্যাশী মেসে থেকে টিউশনি করতেন; তাদের বড় অংশ টিউশনি হারিয়ে মেস ছেড়েছেন। তারা গ্রামে থেকে ঢাকায় এসে বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করছেন। ফলে মেস বাড়ি হিসেবে ব্যবহৃত অনেক রুম খালি পড়ে রয়েছে। রাজধানীর চোখ ধাঁধানো ফ্লাইওভার, মেট্রোরেল এবং নতুন নতুন উচ্চ দালানকোঠা তাদের ভাগ্য ফেরাতে পারেনি। বরং অর্থনৈতিক সঙ্কটে মধ্যবিত্তদের মধ্যে অনেকেই জীবনযাপনের ধারা পাল্টিয়েছেন।