এ বছরের শেষ দিকে পদ্মা সেতু চালু হবে: প্রধানমন্ত্রী
শোনা যাচ্ছিল এই বছরের জুনের দিকেই চালু হয়ে যাবে পদ্মা সেতু। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বছরের শেষের দিকে পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
আজ বুধবার জাতীয় সংসদে দেশের সরকার প্রধান এই কথা জানান। নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকারের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পের উভয় প্রান্তে অ্যাপ্রোচ রোড ও সার্ভিস এরিয়ার কাজ শতভাগ শেষ হয়েছে। মূল সেতুর ভৌত অগ্রগতি ৯৬ দশমিক ৫০ শতাংশ।
বর্তমানে সেতুতে কার্পেটিং, ভায়াডাক্ট কাপের্টিং, ওয়াটারপ্রুফ মেমব্রেন, মূল সেতু ও ভায়াডাক্টের মুভমেন্ট জয়েন্ট, ল্যাম্পপোস্ট, অ্যালুমিনিয়াম রেলিং, গ্যাসের পাইপলাইন, ৪০০ কেভিএ বিদ্যুৎ এবং রেললাইন নির্মাণের কাজ চলছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘২০২২ সালের শেষ নাগাদ পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।’
এর আগে অবশ্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, এ বছর জুন মাসেই পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত দেওয়া হতে পারে।