শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দ্বিতীয় দফা আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন ভ্যান্স-উইটকফ-কুশনার

মোহাম্মদ খাইরুল আমিন • 20 এপ্রিল 2026, 05:26 বিকাল • 115 বার পঠিত
দ্বিতীয় দফা আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন ভ্যান্স-উইটকফ-কুশনার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তার দেশের কর্মকর্তারা এই সপ্তাহে পাকিস্তানের ইসলামাবাদে আলোচনার জন্য সফর করবেন।

সিএনএনকে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তেহরান থেকেও একটি প্রতিনিধিদল পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে।

তবে পরবর্তীতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ইরান আদৌ দ্বিতীয় দফার এই আলোচনায় অংশ নেবে কি না, তা স্পষ্ট নয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আগেই বলেছেন, এই মুহূর্তে নতুন দফার আলোচনার কোনো পরিকল্পনা তাদের নেই।

যদি আলোচনা অনুষ্ঠিত হয়, তাহলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, রিয়েল এস্টেট ব্যবসায়ী স্টিভ উইটকফ এবং  ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একসময় ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিরোধী ছিলেন। যুক্তরাষ্ট্র-ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি এবং সাম্প্রতিক ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন।

গত মাসে খবর আসে, ইরানি প্রতিনিধিরা অন্যান্য মার্কিন কর্মকর্তাদের তুলনায় ভ্যান্সের সঙ্গে আলোচনায় বেশি আগ্রহী।

রিয়েল এস্টেট ব্যবসায়ী উইটকফ দীর্ঘদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু। কুশনারের সঙ্গে মিলে তিনি গাজায় যুদ্ধবিরতি আলোচনায় ভূমিকা রেখেছেন। এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তিনি আলোচনা করেছেন।

জামাতা জ্যারেড কুশনার ট্রাম্পের প্রথম মেয়াদে মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ওই অঞ্চলের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। গত বছর সিএনএন জানায়, তিনি অনানুষ্ঠানিকভাবে প্রশাসনের কর্মকর্তাদের আরব নেতাদের সঙ্গে আলোচনায় পরামর্শ দিয়ে আসছিলেন।

সূত্র: সিএনএন