দূরত্ব বজায় রাখতে বাসায় যেতে না পারায় ভুল বিল এসেছে: বিদ্যুৎ সচিব
সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে বাসায় যেতে না পারায় বিদ্যুতের কিছু ভুল বিল এসেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ। তিনি বলেন, বিদ্যুতের গড় বিল করায় এটা হয়েছে। রবিবার ভারচুয়াল সংবাদ সম্মেলনে ড. সুলতান আহমেদ এসব কথা বলেন।
বিদ্যুৎ সচিব আরো বলেন, শুধু আবাসিকের জন্য বিলম্ব ফি ছাড়া বিল দেয়ার সময় বাড়ানোর চিন্তা চলছে। তবে শিল্প বাণিজ্যের জন্য কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে, বেঁধে দেয়া সময়ের মধ্যে ভুতুড়ে বিল সমন্বয় করতে ব্যর্থ হওয়ায় দেশের চারটি বিদ্যুৎ বিতরণ সংস্থার প্রায় ৩০০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। বিদ্যুৎ বিভাগ গঠিত টাস্কফোর্স এ সুপারিশ করে।
গত ২৫ জুন বিদ্যুৎ বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করে। সাতদিনের মধ্যে ভুতুড়ে বিলের সমাধান না করতে পারলে বিদ্যুৎ বিতরণ সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি দেয়ার কথা বলে টাস্কফোর্স।