শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দূর্নীতিতে আবারও রেড জোনে বাংলাদেশ

অনলাইন নিউজ পোর্টাল • 16 নভেম্বর 2020, 03:50 দুপুর • 121 বার পঠিত
দূর্নীতিতে আবারও রেড জোনে বাংলাদেশ

চলতি অর্থবছরে (২০২০-২১) দুর্নীতি ও রাজনৈতিক অধিকারসহ ১৩টি সূচকে ফের রেড জোনে (খারাপ অবস্থান) নাম উঠেছে বাংলাদেশের। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশনের মূল্যায়নে বাংলাদেশের এ অবস্থান।

এর আগের তালিকায় (২০১৯-২০) ছিল একই জোনে ১২টি সূচক। এবার নতুন করে যোগ হয়েছে ফিসক্যাল পলিসি (রাজস্বনীতি)। আর ২০১৮-১৯ সালে ছিল ১১টি এবং ২০১৭-১৮ সালে ছিল ৭টি সূচক।

সম্প্রতি প্রকাশিত এমসিসি ‘বাংলাদেশ স্কোর কার্ড-২০২০-২১’ শিরোনামের মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। ২০টি সূচকের মধ্যে অধিকাংশই লাল চিহ্ন হওয়ায় এবারও মিলছে না মার্কিন যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ডের (এমসিএফ) মোটা অঙ্কের অনুদান।

স্কোর কার্ডের উন্নতির ভিত্তিতে এ ফান্ডে যুক্ত হয় বিভিন্ন দেশের নাম। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) পক্ষ থেকে দীর্ঘ কয়েক বছর চেষ্টা করেও এ ফান্ডে যুক্ত হতে পারছে না।

এ প্রসঙ্গে ইআরডির আমেরিকা উইংয়ের যুগ্ম সচিব কবীর আহমেদ রোববার বলেন, অনেক প্রচেষ্টা চালানো হয়েছে। কিন্তু স্কোরের উন্নতি করা যায়নি। এটি অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয়।