দুর্নীতি: পি. কে. হালদারকে ধরতে রেড নোটিশ পাঠানো হচ্ছে ইন্টারপোলে
বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা আত্নসাত বা দুর্নীতির মামলায় অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারকে ধরার জন্য পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, সব প্রক্রিয়া শেষ করে কয়েকদিনের মধ্যেই এই নোটিশ পাঠানো হবে।
একটি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার বা পি. কে. হালদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরই তিনি বিদেশে পালিয়েছেন।
বিশেষজ্ঞ আইনজীবীরা বলেছেন, নজরদারির অভাবে দুর্নীতির বড় অভিযোগ থাকার পরও অনেকে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে।
পি. কে. হালদারের বিরুদ্ধে দুর্নীতির মামলায় ঢাকার আদালত যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তার ভিত্তিতে ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানো হচ্ছে।
যদিও দুর্নীতির মামলাটি দুদক দায়ের করেছে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশের সংশ্লিষ্ট বিভাগ থেকে ইন্টারপোলের কাছে নোটিশ পাঠাতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের সংশ্লিষ্ট বিভাগকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।
দুদকের আইনজীবী খোরশেদ আলম বলেছেন, অনেক আগেই পি. কে. হালদারের ব্যাপারে ইন্টাপোলকে চিঠি দেয়া হয়েছিল। কিন্তু ইন্টারপোলের চাহিদা অনুযায়ী এখন আদালতের গ্রেপ্তারি পরোয়ানা সহ বিভিন্ন তথ্য দেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।