শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

দুনিয়া থেকেই অর্জন করুন জান্নাতের পাঁচটি সম্পদ

অনলাইন নিউজ পোর্টাল • 08 আগস্ট 2021, 10:58 দুপুর • 379 বার পঠিত
দুনিয়া থেকেই অর্জন করুন জান্নাতের পাঁচটি সম্পদ

ওহে যারা ঈমান এনেছ! আমি কি তোমাদের সন্ধান দেব এমন এক পণ্যদ্রব্যের যা তোমাদের রক্ষা করবে মর্মন্তুদ শাস্তি থেকে? তোমরা আল্লাহ্‌ ও তাঁর রসূলে বিশ্বাস করবে, আর আল্লাহ্‌র পথে সংগ্রাম করবে তোমাদের সম্পদ ও তোমাদের জীবন দিয়ে। এইটিই হচ্ছে তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে! তিনি তোমাদের পরিত্রাণ করবেন তোমাদের দোষত্রুটি থেকে, আর তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে যাদের নিচে দিয়ে বয়ে চলেছে ঝরনারাজি, আর নন্দন কাননের উৎকৃষ্ট গৃহসমূহে। এটিই মহাসাফল্য! (সূরা সফ, আয়াত: ১০-১২)

আমাদের এই নশ্বর জীবনের সর্বশেষ গন্তব্য পরকাল। পরকালে আমাদের অবস্থান কোথায় হবে, তা সম্পূর্ণরূপে আমাদের উপর নির্ভরশীল। আমরা চিরসুখের জান্নাতে প্রবেশ করবো না কি অনন্তকাল জাহান্নামের  তীব্র শাস্তি ভোগ করবো, তা আমাদের কাজের উপরই নির্ধারিত হবে। তবে সে অনন্তজগতে প্রবেশের পূর্বে আমরা আমাদের কর্মের মাধ্যমে জান্নাতে সম্পদ ক্রয় করে নিতে পারি। কুর’আন ও হাদীসের বর্ণনা অনুযায়ী  দুনিয়াতেই আমাদের জান্নাতে বিভিন্ন সম্পদ ক্রয়ের সুযোগ রয়েছে। নিম্নে তা সম্পর্কে বর্ণনা করা হলো

১. জান্নাতের ঘর  
আবু উমামা (রা.) বলেন, রাসূল (সা.) বলেছেন,

“আমি তার জন্য জান্নাতের কিনারায় একটি বাড়ির নিশ্চয়তা দিচ্ছি, যে তর্ক করার অনুশীলন ত্যাগ করবে এমনকি সে সঠিক হওয়া সত্ত্বেও। এবং তার জন্য জান্নাতের মধ্যখানে একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি যে রসিকতার ছলেও মিথ্যা বলা পরিত্যাগ করবে। এবং তার জন্য জান্নাতের সর্বোচ্চ অবস্থানে একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি যে তার চরিত্রকে উত্তমরূপে গড়ে তুলবে।” (আবু দাউদ)   

হযরত উসমান (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন,

“যে আল্লাহর জন্য একটি মসজিদ তৈরি করলো, আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি তৈরি করবেন।” (বুখারী ও মুসলিম)

হযরত আবু মুসা আশয়ারী (রা.) বলেন, রাসূল (সা.) বলেছেন,

‘যখন আল্লাহর কোন বান্দার সন্তান মৃত্যুবরণ করে, আল্লাহ তখন ফেরেশতাদের ডেকে বলেন, ‘তোমরা কি আমার বান্দার সন্তানের জীবন নিয়ে এসেছো?’ তারা জবাব দেয়, হ্যা। আল্লাহ আবার জিজ্ঞেস করেন, ‘তোমরা কি তার হৃদয়ের টুকরা কে নিয়ে এসেছো?’ ফেরেশতারা জবাব দেয়, হ্যা। আল্লাহ তখন জিজ্ঞেস করেন, ‘আমার বান্দা কি বলেছে?’ তারা জবাব দেয়, সে আপনার প্রশংসা করেছে এবং বলেছে, ‘আমরা আল্লাহর থেকে এসেছি এবং আল্লাহর কাছেই আমরা ফিরে যাবো।’ আল্লাহ তখন বলেন, ‘আমার বান্দার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি কর এবং এর নাম রাখ বাইতুল হামদ (প্রশংসার বাড়ি)।” (তিরমিযী)

হযরত উম্মে হাবীবা (রা.) বলেন, আমি রাসূল (সা.) কে বলতে শুনেছি,

“যে মুসলিম বান্দা আল্লাহর জন্য ফরজের পাশাপাশি অতিরিক্ত বারো রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবেন।” উম্মে হাবীবা (রা.) বলেন, ‘এরপর থেকে আমি কোন নামাজই  পরিত্যাগ করিনি।’ (মুসলিম)

২. চাবি ও দরজা
রাসূল (সা.) এর বিভিন্ন হাদীসের বর্ণনা অনুযায়ী,

“নামাজ জান্নাতে প্রবেশের চাবি, অযু নামাজের চাবি।” (তিরমিযী)

“পিতা-মাতা জান্নাতে প্রবেশের উত্তম দরজা, সুতরাং দরজা খোলা রাখো বা একে চিরতরে হারাও।” (ইবনে মাযাহ)

“যখন একজন নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা পালন করে, তার পবিত্রতা রক্ষা করে এবং তার স্বামীর অনুগত থাকে, তাকে বলা হবে, ‘জান্নাতে প্রবেশ করো, যে দরজা দিয়ে তোমার ইচ্ছা হয়।” (আহমদ)

রাসূল (সা.) এর হাদীসে এসেছে,

“কোন ব্যক্তি যদি তার তিন কন্যাকে যত্নের সাথে লালনপালন করে বড় করে, সে জান্নাতে প্রবেশ করবে।” রাসূল (সা.) এর কাছে জিজ্ঞেস করা হল, ‘হে আল্লাহর রাসূল! যদি দুইটি কন্যা থাকে?’ আল্লাহর রাসূল উত্তর দিলেন, “দুইটি হলেও।” কিছু লোক ধারণা করছিল যদি তারা একজনেরও কথা বলে, আল্লাহর রাসূল একজনের জন্য বলতেন। (আহমদ)

৩. সম্পদ
রাসূল (সা.) বলেছেন,

“আমি কি তোমাদের কে জান্নাতের সম্পদসমূহের মধ্যে একটি সম্পদের কথা বলবো না? বলো, ‘লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ (আল্লাহ ছাড়া আর কেউই শক্তি ও আশ্রয়ের অধিকারী নেই)।” (বুখারী ও মুসলিম)

৪. বাগান
রাসূল (সা.) বলেছেন,

“যদি কেউ কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সে জান্নাতের বাগানে অবস্থান করে যতক্ষণ না সে ফিরে আসে।” (মুসলিম)

৫. গাছ
রাসূল (সা.) এর হাদীসে এসেছে,

“যে ‘সুবাহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহী’ (মহিমাময় আল্লাহ এবং তারই সকল প্রশংসা) যিকির করলো, সে যেন নিজের জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপন করলো।” (তিরমিযী)