শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দুই উপদেষ্টা নাহিদ ও আসিফ শনাক্ত করলেন তাদের বন্দিশালা!

মোহাম্মদ খাইরুল আমিন • 12 ফেব্রুয়ারি 2025, 04:25 দুপুর • 144 বার পঠিত
দুই উপদেষ্টা নাহিদ ও আসিফ শনাক্ত করলেন তাদের বন্দিশালা!

আজ বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর তিনটি গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বর্তমান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান প্রমুখ।

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব শুচিস্মিতা তিথি আজ বুধবার তাঁর ফেসবুকে পৃথক দুটি পোস্টে এই পরিদর্শনের তথ্য জানান এবং বন্দিশালার কক্ষগুলোর ছবি প্রকাশ করেন।

গত জুলাই মাসে সাদাপোশাকধারী লোকজন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে তুলে নিয়ে গিয়েছিল এবং ডিজিএফআইয়ের টর্চার সেলে আটকে রেখেছিল। আজ পরিদর্শনকালে তাঁরা নিজেদের নির্যাতনের কক্ষ শনাক্ত করেন।

শুচিস্মিতা তিথির পোস্ট অনুযায়ী, নাহিদ ইসলাম জানান যে তাঁকে রাখা কক্ষে এক পাশে একটি বেসিনের মতো স্থান ছিল, যা টয়লেট হিসেবে ব্যবহৃত হতো। ৫ আগস্টের পর ওই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে নতুন রং করা হয়।

অন্যদিকে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর নির্যাতনের কক্ষ চিনতে পারেন এবং জানান যে দেয়ালের ওপরের অংশে এগজস্ট ফ্যান বসানো ছিল।

এই পরিদর্শনের মাধ্যমে এসব গোপন বন্দিশালার অস্তিত্বের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।