দুদকের মামলায় সম্রাটের চার্জ শুনানি ১৯ সেপ্টেম্বর
সম্রাটের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলাটির চার্জ শুনানি ও জামিন শুনানির জন্য ধার্য ছিল।
আজ সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে সম্রাটকে আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ। চার্জ শুনানি পেছাতে সম্রাটের পক্ষে সময় আবেদন করেন সিনিয়র আইনজীবী এহেসানুল হক সমাজী। তবে জামিন শুনানি করেন তিনি। দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এর বিরোধীতা করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত চার্জ শুনানির তারিখ ১৯ সেপ্টেম্বর ধার্য করেন। আর জামিনের আদেশের বিষয়টি অপেক্ষমান রাখেন।
জানা যায় ,২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন।