দুদিনের মধ্যে আরো ১৭ জেলা বন্যায় আক্রান্ত হতে পারে
সিলেট-সুনামগঞ্জ ভাসছে পানিতে। কুড়িগ্রাম-নেত্রকোণার অবস্থাও ভালো না। এর মধ্যে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানাচ্ছে, আগামী দুই দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের আরো ১৭টি জেলা বন্যায় আক্রান্ত হতে পারে।
এই পূর্বাভাসে আরো বলা হয়েছে যে এর মধ্যে বন্যায় আক্রান্ত সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, লালমনিরহাট, রংপুর, নীলফামারী ও কুড়িগ্রাম জেলার বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।
তারা জানায়, দেশের ১০৯টি নদী তাদের পর্যবেক্ষণে আছে। ১০৯ নদীর মধ্যে ৯৫টি নদীর পানি এর মধ্যে বেড়ে গেছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারতে প্রবল বৃষ্টি চলছে। পানি নেমে আসছে বাংলাদেশে। দেশের সিলেট, সুনামগঞ্জ ও কুড়িগ্রাম জেলা থেকে পানি ঢুকে তা আরো এগিয়ে আসছে। এর কারণে জামালপুর, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, শেরপুর, মানিকগঞ্জ, লালমনিরহাট, নীলফামারি ও পাবনায জেলায় বন্যা ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভিবাজারে বন্যা আরো বড় আকার নিতে পারে। বন্যার পানি এর চেয়ে নীচের দিকে নামলে প্লাবিত হতে পারে রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর ছাড়াও আরো কিছু এলাকা।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভুঁইয়া জানিয়েছেন, ‘‘সিলেট, সুনাগমঞ্জ এলাকায় আজ (শনিবার) এবং আগামীকালও বৃষ্টি হবে। ফলে সেসব এলাকার বন্যার পানি আরো বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। সেই সঙ্গে যমুনা নদীর পানিও বাড়তে শুরু করেছে।’’