দুধসহ মিল্ক ভিটার সব পণ্যের দাম বাড়ল
দুধের দাম বাড়াল বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্ক ভিটা। সরকারি এই প্রতিষ্ঠানটি শুধু দুধের দাম বাড়ায়নি, বাড়িয়েছে দুগ্ধজাত সব ধরনের পণ্যের দাম। দুধের দাম প্রতি লিটারে বেড়েছে ৫ টাকা। এখন তাই এক লিটার দুধের দাম ৮০ টাকা।
রাষ্ট্রায়ত্ব এই সংস্থাটির নির্ধারিত নতুন দাম বুধবার বিশ্ব দুগ্ধ দিবস থেকে কার্যকর হয়েছে।
মিল্ক ভিটা কর্তৃপক্ষ বলেছে, প্যাকেজিং সামগ্রী, গোখাদ্যসহ সহায়ক সবকিছুর দাম বেড়ে গেছে। তাই দুধ ও দুগ্ধজাত অন্যান্য পণ্যের দাম বাড়াতে হয়েছে তাদের। মিল্ক ভিটা পাস্তুরিত তরল দুধ, ফ্লেভার্ড মিল্ক, টোল্ড মিল্ক, মাখন, ননিযুক্ত গুঁড়া দুধ, ননিবিহীন গুঁড়া দুধ, চিজ, মিষ্টি দই, টক দই, ঘি, রসগোল্লা সন্দেশ, কেকসহ ২২ ধরনের পণ্য বাজারজাত করে আসছে। সব পণ্যের দামই বাড়ানো হয়েছে।
গ্রাহক পর্যায়ে প্রতি লিটার প্যাকেটজাত তরল দুধের দাম ৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। আগে এর দাম ৭৫ টাকা ছিল। আধা লিটার দুধের প্রতি প্যাকেটের দাম ৪০ টাকা থেকে বাড়িয়ে ৪৫ টাকা করা হয়েছে। ২৫০ মিলিলিটারের প্যাকেটের দাম করা হয়েছে ২৫ টাকা। এর দাম এত দিন ছিল ২২ টাকা। তবে ২০০ মিলিলিটারের প্যাকেটের দাম ২০ টাকাই আছে।
দুগ্ধজাত বিভিন্ন পণ্যের দাম বেড়েছে প্রতি কেজি ঘিয়ের দাম এখন ১ হাজার ৩২০ টাকা। এর দাম এত দিন ছিল ১ হাজার ১৮০ টাকা। মিষ্টি দই প্রতি কেজির দাম হয়েছে ২১০ টাকা। এত দিন বিক্রি হতো ১৯০ টাকায়। টক দইয়ের দাম কেজিপ্রতি ৫ টাকা বেড়েছে। এখন দাম ১৭৫ টাকা।