দুবাইয়ের বুর্জ খলিফা ভবনে ভারতের পাশে দাঁড়ানোর অভিনব বার্তা
ভারতে করোনা সংক্রমণের উদ্বেগজনক পরিস্থিতিতে পাশে থাকার বার্তা দিল বিশ্বের উচ্চতম বহুতল ভবন দুবাইয়ের বুর্জ খলিফা। রোববার রাতে সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত বুর্জ খলিফায় ফুটে উঠল ভারতের জাতীয় পতাকা। আর, লেখা ভেসে উঠল‘স্টে স্ট্রং ইন্ডিয়া’ অর্থাৎ মহামারির পরিস্থিতিতে শক্ত থাকো ভারত।
এছাড়া ভারতের পাশে থাকার বার্তা দিয়ে টুইটও করে বুর্জ খলিফা কর্তৃপক্ষ। টুইটার হ্যান্ডেলে লেখা হয়, ভারতের এখন খুব কঠিন সময়। আমাদের পক্ষ থেকে ভারত ও ভারতবাসীর জন্য প্রার্থনা ও শুভকামনা রইল।
বুর্জ খলিফা পৃথিবীর উচ্চতম বহুতল ভবন। এর উচ্চতা ৮২৯ দশমিক ৮ মিটার। এই ভবনের ওপর আলোর খেলায় ফুটে ওঠে বহু ছবি ও বার্তা। এ ছাড়া নানা বিষয় বা ব্যক্তি যেকোনো কিছুই দেখা যায়।
ভারতে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ডসংখ্যক তিন লাখ ৫২ হাজার ৯৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় মৃত্যুতেও আগের সব রেকর্ড ছাপিয়ে গত একদিনে ভারতে দুই হাজার ৮১২ জনের মৃত্যু হয়েছে।
মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বের কোনো দেশে এক দিনে এত মানুষের করোনা শনাক্ত হয়নি। গত পাঁচ দিন ধরে ভারতে করোনা সংক্রমণের রেকর্ড হয়ে চলেছে।