দুবাই সফরে শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন। তিনি দুবাই শহরে অনুষ্ঠিত বিশ্ব সরকার সম্মেলনে(ডব্লিউজিএস) যোগ দেন এবং সফরকালে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ পর্যায়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।
দুবাই বিমানবন্দরে আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমেদ বেলহুল আল ফালাসি তাকে বিদায় জানান। প্রধান উপদেষ্টা এমিরেটসের একটি ফ্লাইটে দেশে ফিরছেন। সফরকালে তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।
এ সফরে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দরে আমিরাতের বিনিয়োগ, ক্রীড়া ও শিক্ষা সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় উঠে আসে।
প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের আমন্ত্রণ জানান এবং দেশ থেকে আরও কর্মী নিয়োগের আহ্বান জানান। বৈঠকের একপর্যায়ে আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জাইউদি বাংলাদেশে একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনের প্রস্তাব দেন, যা উভয় পক্ষ নীতিগতভাবে গ্রহণ করে।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে, বাংলাদেশের স্বল্প খরচের শ্রম ব্যবহারের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের শিল্প গোষ্ঠীগুলো বাংলাদেশকে হালাল পণ্য উৎপাদনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে। এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী জানান, তিনি আগামী মাসগুলোতে বাংলাদেশে একটি সিনিয়র বাণিজ্য ও অনুসন্ধানী প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে চান।