ড্রেসিং করা অবস্থায় ৩০০ মরা মুরগিসহ কর্মচারী আটক
ভোলার চরফ্যাশন উপজেলায় ড্রেসিং করার সময় প্রায় তিন শতাধিক মরা বয়লার মুরগিসহ মো. রাসেল নামে এক দোকান কর্মচারীকে আটক করেছেন স্থানীয়রা।
গত শনিবার রাত ১০টার দিকে চরফ্যাশন বাজারে মাংসপট্টির মিরাজের মুরগির দোকান থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক রাসেলকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
আসামি রাসেলের বাড়ি উপজেলার আবু বকরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে।
চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, রাতে আবু বকরপুর ইউনিয়নের একটি পোলট্রি ফার্ম থেকে পাঁচটি বস্তায় ভরে ৩০০ মরা বয়লার মুরগি রিকশায় করে পূর্ব বাজারে নিয়ে আসা হয়।
মুরগিগুলো সেখানকার মিরাজের দোকানে ড্রেসিং করার সময় স্থানীয়রা টের পেয়ে রাসেলকে আটকে রেখে পুলিশে খবর দেন।
আমাদের উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। মরা মুরগিগুলো চুক্তিকৃত চরফ্যাশন বাজারের হোটেলে দেওয়ার কথা ছিল।