দৌলতদিয়ায় ঢাকায় ফেরা মানুষের চাপ বাড়ছে
গ্রামে বা মফস্বলে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষের পথে। এবার কর্মস্থলে ফেরার পালা। রাজধানী ঢাকাসহ বিভিন্নস্থানে তাই মানুষ ফিরতে শুরু করেছে। দক্ষিণাঞ্চল থেকে ফেরার পথ দৌলতদিয়া ঘাটে তাই মানুষের চাপ বাড়তে শুরু করেছে।
অবশ্য আজ শুক্রবার। আগামিকাল শনিবার আরেকটি ছুটির দিন বাকি আছে। মূল চাপটা আগামিকাল থেকে শুরু হবে। তবে আজ ছোট ছোট গাড়ি আর মোটরসাইকেলে করে ফিরতে থাকা মানুষের সংখ্যা উল্লেখযোগ্য।
বড় বড় বাস বা যাত্রীবাহী বাসে মানুষের খুব বেশি চাপ নেই। অনেক বাসে ছিট খালি থাকছে। বাস সংশ্লিষ্টরা বলছেন, আগামিকাল থেকে তাদের ওপর চাপ বাড়বে। দৌলতদিয়া ঘাটে অবশ্য বেলার বাড়ার সঙ্গে মানুষের চাপ বাড়ছে।
যথারীতি ফেরিতে করে বেশি পারাপার হচ্ছে। কিন্তু অনেক মানুষ লঞ্চ বেছে নিচ্ছেন নদী পার হতে। দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে নদী পারাপারের জন্য ছোট-বড় মিলে ১৯টি ফেরি ব্যবহৃত হচ্ছে। যাত্রী পার করছে আরো ২১টি লঞ্চ।
ঘাটে জ্যাম নেই। তবে ঘাটে পা রেখেই ফেরিতে ওঠা যাচ্ছে তেমন নয়। কখনো ১৫ মিনিট কখনো আধাঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু তাতে যাত্রীদের সমস্যা হচ্ছে না। কারণ, ফেরিতে জায়গার অভাব নেই। বড় গাড়ি কম পার হচ্ছে বলে সুবিধা আছে ছোট গাড়ি কিংবা মোটরসাইকেলের।
এবার ঈদে বলার মতো সংখ্যায় মানুষ মোটরসাইকেলে করে বাড়ি গেছেন। ফেরার পথেও তাই স্বাভাবিকভাবে ঘাটে অনেক বেশি মোটরসাইকেল দেখা যাচ্ছে। কোনো মোটরসাইকেলে চালক একা, কোনোটিতো আরো একজন বা দুজনও দেখো যচ্ছে।