শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

ডলারের দাম ব্যাংকের ওপর ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংক

মোহাম্মদ খাইরুল আমিন • 02 জুন 2022, 06:12 বিকাল • 375 বার পঠিত
ডলারের দাম ব্যাংকের ওপর ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংক

ডলারের বিপরীতে টাকার মান ধরে রাখার চেষ্টা আর করবে না বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার তারা জানাল, ব্যাংকগুলো যে কোনো দরে ডলার বিক্রি করতে পারবে। তারাই ঠিক করবে মুদ্রা বিনিময় হার। 

গত ২৯ মে আন্তঃব্যাংক লেনদেনে কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিনিময় হার ৮৯ টাকা নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু তা আর থাকলো না। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, ‘‘ওপেন মার্কেট অনুযায়ী ডলারের দাম ঠিক হবে। এটা না করলে রেমিটেন্স কমে যাবে বলে ব্যাংকাররা জানিয়েছেন। বাজারের উপর ছেড়ে দিলেও বাংলাদেশ মনিটরিং করবে।’’

ডলারের বিপরীতে টাকার মান অনেক দিনে একরকমই ছিল। কিন্তু করোনাভাইরাসের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নতুন পরিস্থিতি তৈরি করে। পণ্যের দাম বাড়তে থাকে। পণ্য সরবরাহে খরচ বাড়ে। আমদানি খরচ বাড়ে। ডলারের চাহিদাও বাড়তে থাকে। বাংলাদেশের মুদ্রা টাকারও মান তাই পড়তে থাকে। 

গত বছরের এপ্রিলে প্রতি ডলারের বিনিময়মূল্য ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। এই মে মাসে তা বাড়তেই থাকে। এক পর্যায়ে খোলা বাজারে ডলারের দাম ১০০ টাকা ছাড়িয়ে যায়। এই অস্থিরতা কমাতে ২৬ মে বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট দরে ডলার কেনাবেচা করতে রাজি হয়। এর পর ২৯ মে ডলারের বিনিময়মূল্য ৮৯ টাকা নির্ধারণ করে দেয়। এখন সেই নিয়মও তুলে নেওয়া হলো।