দক্ষিণাঞ্চলে প্রধানমন্ত্রীর উপহার আরো ৭ সহস্রাধিক ঘর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আড়াইশ’ কোটি টাকা ব্যয়ে দক্ষিণাঞ্চলের ৬ জেলার ৪২টি উপজেলার প্রায় ১৪ হাজার গৃহহীন ও অস্বচ্ছল পরিবারের মাঝে ঘর ও জমি বিতরণ কার্যক্রম শেষ পর্যায়ে। ‘জমি নেই ঘর নেই’ প্রকল্পের অংশ হিসেবে প্রথম পর্যায়ে প্রায় ১০৫ কোটি টাকা ব্যয়ে ৬ হাজার ৮৮টি পরিবারের মাঝে গত ২০ জানুয়ারি দুই শতাংশ জমিসহ ঘর বিতরণ করা হয়। চলতি মাসের মধ্যে ১৪৫ কোটি টাকা ব্যয়ে আরো ৭ হাজার ৬২৭টি পরিবারের জন্য ঘর নির্মাণ কাজ শেষ হচ্ছে। চলতি বছরের শুরু থেকে সরকারের নিজস্ব তহবিলে সারা দেশে এ ধরনের ঘর বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
দেশের প্রতিটি মানুষের জন্য আবাসন সুবিধা সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে গত বছর থেকেই সারা দেশে গৃহহীন ও অস্বচ্ছল মানুষের মাঝে ঘর বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে প্রথম পর্যায়ে গত জানুয়ারি থেকে দক্ষিণাঞ্চলের ৬ হাজার ৮৮টি পরিবারের প্রত্যেককে ২ শতাংশ জমিসহ ঘর বিতরণ কার্যক্রম শুরু হয়।