শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের ঘাটতি ফসল উৎপাদনের জন্য হুমকি

অনলাইন নিউজ পোর্টাল • 17 অক্টোবর 2021, 09:10 সকাল • 233 বার পঠিত
দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের ঘাটতি ফসল উৎপাদনের জন্য হুমকি

শরতের দুঃসহ গরম হেমন্তের প্রাক্কালেও অব্যাহত রয়েছে। এর মধ্যে গত শুক্রবার রাতে দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতে জনজীবন সিক্ত হলেও এখনো বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়েছে। পচিশ কিলোমিটার বেগের ঝড়ো হাওয়ার সাথে দেড় ঘণ্টায় প্রায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাতে বরিশাল মহানগরীসহ দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়ে। এ সময়ে পটুয়াখালী ও গোপালগঞ্জে ৩৮ মিলিমিটার করে এবং কলাপাড়ায় ৪৭, ভোলায় ২৮ ও মাদারীপুরে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কিন্তু গতকালও দক্ষিণাঞ্চলে তাপমাত্রার পারদ স্বাভাবিকের ওপরে ছিল।
চলতি মাসে দক্ষিণাঞ্চলে স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা। কিন্তু গত শুক্রবারে বরিশালে তাপমাত্রার পারদ ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে উঠে যায়। যা ছিল স্বাভাবিকের প্রায় ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি। পাশাপাশি বৃষ্টিপাতের পরিমাণও গত কয়েক মাসের মত চলতি মাসের প্রথম পনের দিনেও যথেষ্ট কম রয়েছে। তবে আবহাওয়া বিভাগের দীর্ঘ মেয়াদী বুলেটিনে অক্টোবর মাসে দক্ষিণাঞ্চলসহ সারা দেশে স্বাভাবিকের বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। টানা দুঃসহ তাপ প্রবাহে দক্ষিণাঞ্চলের জনজীবন যথেষ্ট বিপর্যয়ের কবলে পড়েছে। পুরো শরৎ জুড়ে তাপমাত্রার পারদ দিনের বেলা স্বাভাবিকের ওপরে থাকার পাশাপাশি হেমন্তের কার্তিকের প্রাক্কালেও পরিস্থিতির কোন পরিবর্তন লক্ষ্যণীয় নয়। বরং ৩০ আশ্বিন বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি।